ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আসিফ আকবরের মন্তব্যে ফুটবল অঙ্গনের ক্ষোভ, ক্ষমা চাওয়ার দাবি

ads

ফুটবলারদের নিয়ে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবরের মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এই ইস্যুতে এবার মুখ খুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিসিবি পরিচালকের মন্তব্যকে ‘অবমাননাকর’ হিসেবে উল্লেখ করেছে তারা। আসিফের মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি পাঠিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।


বুলবুলকে পাঠানো চিঠিতে তাবিথ লিখেছেন, ‘আপনার (বুলবুল) মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য এক গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।’


আসিফের মন্তব্য অপমানজনক ও উদ্বেগজনক বললেন বাফুফে সভাপতি, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’


তাবিথ চিঠিতে আরও উল্লেখ করেন, ‘ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাব প্রকাশ পাওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা উভয়েই প্রতিশ্রুতি দিয়েছি যে দেশের সব ক্রীড়া ফেডারেশন একসঙ্গে কাজ করবে একটি সুস্থ, দৃঢ় ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।’


আসিফ হুমকি দিয়েছেন কি না, এ প্রশ্নও রাখলেন তাবিথ, ‘কিন্তু যখন ক্রিকেট বোর্ডের কনফারেন্সে “অভিজাত” শব্দটি ব্যবহার করা হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই জুলাইয়ের ছাত্র-জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশের আদর্শে অটল আছি? আর যখন “মারামারি” শব্দটি উচ্চারিত হয়, তখন আরও গুরুতর প্রশ্ন জাগে, এটি কি কোনো ধরনের হুমকি?


বাফুফের পাঠানো চিঠিতে আরও বলা হয়, ‘এমন দৃষ্টিকটু ও অশোভন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। গণমানুষের প্রাণের খেলা ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক। এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, দূর্যোগ মোকাবেলাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।’


বিসিবি সভাপতি বুলবুলের কাছে সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা তাবিথের, `আপনি নিশ্চয়ই অবগত, বাংলাদেশে ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাচিত নির্বাহী কমিটি, হাজার হাজার খেলোয়াড় এবং কোটি কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি। আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট। আমি বিশ্বাস করি, আপনি একজন জাতীয় ক্রীড়াবিদ ও সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনার প্ল্যাটফর্মকে কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার হতে দেবেন না; বরং আপনি এখনই এই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদি মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন। বাংলাদেশে ক্রিকেটসহ সকল খেলাধুলার সফল যাত্রা কামনা করছি।’


দেশের সব জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে দুই দিনের বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স চলছে। গতকাল উদ্বোধনী দিনে বক্তৃতায় বিসিবি পরিচালক আসিফ আকবর ক্রিকেট উন্নয়নে ফুটবলারদের বড় বাধা হিসেবে মন্তব্য করেন। উইকেট ভেঙে ফেলা-মাঠ দখল করে রাখাসহ বিভিন্ন অভিযোগ করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page